সাংবাদিককে হুমকির অভিযোগের পর যুবদল নেতাকে অব্যাহতি

মোঃ শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় এক সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদগুলোর পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন যুবদলের এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে সুনামগঞ্জ জেলা যুবদল।

শনিবার জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম স্বাক্ষরিত এক সাংগঠনিক বার্তায় জানানো হয়, মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের দায়ে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। একই সঙ্গে অব্যাহতি প্রাপ্ত নেতার কোনো দায়দায়িত্ব সংগঠন বহন করবে না বলে জানানো হয়। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রকাশ নিয়ে আপত্তি জানানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মো. শিহাব মিয়াকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের বক্তব্য নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা যুবদলের নজরে আসে এবং সাংগঠনিকভাবে পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা যুবদলের দায়িত্বশীল নেতারা এর আগে জানিয়েছিলেন, অভিযোগটি যাচাই-বাছাই করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। সেই প্রক্রিয়া শেষে দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি রক্ষার স্বার্থে সাদ্দাম হুসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তবে এ বিষয়ে অব্যাহতি পাওয়া নেতা সাদ্দাম হুসেনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like