রাতের আঁধারে জামালপুরে মেয়র প্রার্থী শুভ পাঠানের ব্যানার-ফেস্টুন ভাঙচুর

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি:

জামালপুর পৌরসভার আলোচিত মেয়র পদপ্রার্থী এম. শুভ পাঠানের প্রচারণার ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

স্থানীয় সমর্থকদের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা চোরের মতো এসে পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

সমর্থকদের দাবি, এম. শুভ পাঠানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গণসমর্থনে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে মেয়র পদপ্রার্থী এম. শুভ পাঠান বলেন, “রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে কিছু অসাধু ব্যক্তি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এই কাজ করেছে। তারা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করে এর বিচার পৌরসভার জনগণের কাছে দিলাম।”

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমর্থকরা বলেন, গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক প্রতিপক্ষের প্রচার সামগ্রী ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা।

প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy