

কুড়িগ্রাম প্রতিনিধি :
“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার কার্যালয়ের সামন থেকে শুরু করে সরকারি মহিলা কলেজের সামন পর্যন্ত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক (উদ্ভিদবিজ্ঞান বিভাগ) শাহনাজ বেগম এবং ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুল আবেদীন ডলার। এতে স্কুল শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।
বৃক্ষপ্রেমী আনোয়ার বলেন, “আজকের একটি গাছ আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশের ভিত্তি। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসি, তাহলে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হবে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচি শেষে অতিথিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬















