মন্ত্রী আসার খবর শুনে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিচ্ছন্নতার ধুম!

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

স্বাস্থ্যমন্ত্রীর আগমনের খবর শুনে হঠাৎ করেই বদলে গেল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র। যে বারান্দায় প্রতিদিন পানি জমে থাকে, সেখানেই দেখা গেল চকচকে পরিষ্কার মেঝে। পরিষ্কার করা হয়েছে ধুলোময় ফ্যান, বেসিন, গোসলখানা ও ওয়াশরুম। বসানো হয়েছে নতুন ডাস্টবিন, মেরামত করা হয়েছে পানি লিকেজ হওয়া পাইপগুলো।

গতকাল রোববার (৯ আগস্ট) সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন চিত্র দেখা গেছে।

জানা যায়, এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা সফরে যান। সেখানে বিভিন্ন অব্যবস্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন, যদিও পরে তা প্রত্যাহার করা হয়। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয় পরিচ্ছন্নতার তোড়জোড়।

মহিলা ওয়ার্ডে ভর্তি থাকা একাধিক রোগী বলেন, “আমরা হাসপাতালে ভর্তি হই সুস্থ হওয়ার জন্য। কিন্তু নোংরা পরিবেশে অনেক সময় আরও অসুস্থ হয়ে পড়ি। আজ শুনেছি ওপর থেকে কোনো স্যার আসবেন, তাই সকাল থেকে সব পরিষ্কার করা হয়েছে। অন্যদিন এত পরিষ্কার থাকে না।” তারা আরও অভিযোগ করেন, ভর্তির তিন দিন পর হাসপাতাল থেকে খাবার দেওয়া হয়। খাবারের খোঁজ করলে বকাঝকা করা হয়। নার্সদের কিছু বলা যায় না, তারা সবসময় মেজাজ খারাপ করে থাকেন।

পুরুষ ওয়ার্ডের কয়েকজন রোগী বলেন, “ওপরের কেউ আসবে শুনে আজ গোসলখানা, ওয়াশরুম সব পরিষ্কার করা হয়েছে। সবসময় এমন পরিষ্কার থাকলে রোগীদের জন্য ভালো হতো।”

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, “হাসপাতালে পাঁচজন পরিচ্ছন্নতাকর্মী থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। তারপরও পরিচ্ছন্নতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমাদের হাসপাতালটি ৫০ শয্যার। ৫০ জনের বেশি রোগী ভর্তি হলে অতিরিক্ত রোগীরা খাবার পান না। নার্সদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবশ্যই খোঁজখবর নেওয়া হবে।”

স্থানীয়দের প্রশ্ন, বিশেষ দিনে যদি কয়েক ঘণ্টার মধ্যেই পুরো হাসপাতাল পরিষ্কার করা সম্ভব হয়, তবে প্রতিদিন কেন নয়? মন্ত্রী প্রতিদিন আসবেন না, কিন্তু রোগী তো প্রতিদিনই আসেন। হাসপাতালের পরিচ্ছন্নতা কোনো অতিথিকে দেখানোর আয়োজন নয়, এটি রোগীর অধিকার।

প্রকাশিত :  ‍সোমবার, ১০ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy