

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আমিরা বাজার-লতিফগঞ্জ বাজার সড়কের দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশার সৃষ্টি হয়েছে। চলমান বর্ষা মৌসুমে সড়কটির প্রায় ৪ কিলোমিটার অংশ এতটাই ভঙ্গুর হয়ে পড়েছে যে, সাধারণ পথচারীদের পায়ে হেঁটে চলাচলও অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন ও পথচারীরা।

এই সড়কটি লক্ষ্মীপুরের রামগঞ্জ-চাঁদপুরের ফরিদগঞ্জের একমাত্র সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথে বিষেরবন্দ হাফিজিয়া মাদ্রাসা, আদশা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, লাউতলী কলেজ অ্যান্ড স্কুল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ ও শত শত যানবাহন যাতায়াত করে।
ওই পথে চলাচলকারী সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল কালাম, ইউপি সদস্য মাসুদ, ব্যবসায়ী মো. মহসীন মোল্লা, রাজনৈতিক নেতা আব্বাস গাজী, শিক্ষক সাইফুদ্দিন, অধ্যক্ষ আমীর হোসেনসহ অনেকেই জানান, “আমরা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীরা প্রতিদিন চরম কষ্টে ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করছি। দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় সড়কটি এখন সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হওয়ার উপক্রম হয়েছে। আমাদের দাবি, জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক।”
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের রাস্তাগুলোর দায়িত্বে নিয়োজিত সহকারী প্রকৌশলী মো. আবু তাহের জানান, লতিফগঞ্জ-মুন্সীরহাট সড়কটির দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এই সড়কের শোল্লা আইটপাড়া অংশে বর্তমানে কাজ চলছে। একই সড়কের আমিরা বাজার-লতিফগঞ্জ অংশের জন্য এখনো বরাদ্দ আসেনি। তবে সড়কটি এমপি মহোদয়ের তালিকায় রয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসান বৃহস্পতিবার (২০ আগস্ট) জানান, উপজেলাব্যাপী ভঙ্গুর সড়কগুলো মেরামতের জন্য প্রায় ৩০০ কোটি টাকার প্রয়োজন। আমরা সম্প্রতি ১০ কোটি টাকার চাহিদা পাঠিয়েছি। বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমিরা বাজার-লতিফগঞ্জ সড়কের সংস্কার কাজ করা হবে।
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

















