কুড়িগ্রামে শিশুবান্ধব নীতি প্রণয়নে শিশুদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম সদর উপজেলায় শিশু বান্ধব নীতি প্রণয়ন ও শিশুদের অংশগ্রহণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বেলগাছা মাদার তেরেসা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশুদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং তাদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডিপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, স্পন্সরশিপ চাইল্ড প্রটেকশন অফিসার মনি দিওসহ বিভিন্ন শিশু ও যুব ফোরামের সদস্যরা।

সভায় বক্তারা শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্যের কুফল, অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব এবং শিশুদের সুরক্ষায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিশুদের অধিকার রক্ষা ও তাদের উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অভিভাবক, শিক্ষক এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, শিশুদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তাদের জন্য সহায়ক ও নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি। শিশুদের সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হলে তারা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এ সময় শিশু ও যুব ফোরামের সদস্যদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ, মাদকাসক্তি ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে নিজেদের এবং অন্য শিশুদের দূরে রাখতে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভায় শিশুদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদের জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও শিশুবান্ধব সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রকাশিত :  ‍সোমবার, ২৪ আগস্ট ২০২৬

You might like