রাণীশংকৈল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রজব আলী আর নেই

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিএন গার্লস হাই স্কুলের মৌলভি শিক্ষক মাওলানা রজব আলী (৫৬) আর নেই। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুর খবরে রাণীশংকৈলের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও অমায়িক মানুষ হিসেবে পরিচিত রজব আলীর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা রজব আলী দীর্ঘদিন ধরে খাদ্যনালি ও কিডনিজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার প্রাইম মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর সর্বশেষ বগুড়ার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

মরহুম রজব আলী ছিলেন বিনয়ী, সদালাপী ও মিষ্টভাষী। শিক্ষকতার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক তাঁকে স্থানীয়দের কাছে জনপ্রিয় করে তুলেছিল।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তাঁর জানাজা সোমবার (২৪ আগস্ট) রাত ১০টায় রাণীশংকৈল হেলিপ্যাড কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মাওলানা রজব আলীর মৃত্যুতে এলাকায় একজন শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজের অমায়িক মানুষকে হারানোর শূন্যতা তৈরি হয়েছে। তাঁর দীর্ঘ শিক্ষকতা, সামাজিক-ধর্মীয় কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে হৃদ্যতাপূর্ণ আচরণের স্মৃতি স্থানীয়দের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রকাশিত :  ‍সোমবার, ২৪ আগস্ট ২০২৬

You might like