

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার মহামায়া এলাকায় সমাজ থেকে মাদক নির্মূল এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদের সভাপতিত্বে এবং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এএসপি আলিফ এমরান।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি আলিফ এমরান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, মিজানুর রহমান পাটওয়ারী, যুবদল নেতা সোহেল হাজী, গণমাধ্যমকর্মী মাসুদ হোসেন, সংগঠক কাদির হাজী ও সাজ্জাদুল হক সোহাগ।
বক্তারা বলেন, মাদকের কারণে একটি পরিবার যেমন ধ্বংসের দিকে এগিয়ে যায়, তেমনি এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো সমাজে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও আরও সচেতন ও সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিটি মহামায়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানায়।
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

















