পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

​পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সর্বউত্তরের অন্যতম চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম একদিন বন্ধ থাকবে।
​মঙ্গলবার দুপুরে বন্দর সূত্রে জানা যায়,পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি এবং বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনগুলোর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ আগস্ট (বুধবার) এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। তবে জরুরি সেবা ও দাপ্তরিক কাজের পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

​বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন , চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) ব্যবসায়ীদের সিদ্ধান্ত ও সরকারি ছুটির দিন হওয়ায় বুধবার সকাল থেকেই এই বন্দরে বাণিজ্য কার্যক্রম ও পণ্য পারাপার বন্ধ থাকবে। একদিন বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে স্বাভাবিক ভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।

বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিঃ ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় পোর্ট সংশ্লিষ্ট সকল বানিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে । বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেছ জানান সরকারি ছুটি থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

You might like