শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

মোঃ কামরুজ্জামান সেন্টু :

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে ২ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় ওই এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় ফয়েজুল ইসলাম রিপন (৫০) ও মোঃ কবির হোসেনকে (৪৩) মাদক সেবনের দায়ে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফয়েজুল ইসলাম রিপনকে ৬ মাসের এবং মোঃ কবির হোসেনকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। ওই সময় তিনি এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এছাড়া অভিযানে শাহরাস্তি মডেল থানা ও উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানায়, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

You might like