চাঁদপুরে প্রথম সেরা আবৃত্তি শিল্পী প্রতিযোগিতার উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর:
চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার দেড় যুগ পূর্তি উৎসব এবং প্রথমবারের মতো আয়োজিত সেরা আবৃত্তি শিল্পী প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দুটি বিভাগে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আবৃত্তিশিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা ও দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আনন্দমুখর।

উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী কে এম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর-এর সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড একটি সমাজ ও জাতির সুস্থ বিকাশের অন্যতম মাধ্যম। বিশেষ করে আবৃত্তি মানুষের চিন্তা, মনন ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করে। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়াতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শিল্প-সংস্কৃতির কোনো দলীয় পরিচয় নেই। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে সহযোগিতা করতে হবে। আজ যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তারা প্রত্যেকেই প্রশংসার দাবিদার। প্রতিযোগিতায় কে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হলো—এটি গুরুত্বপূর্ণ হলেও তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, তারা মঞ্চে দাঁড়িয়ে নিজেদের প্রতিভা প্রকাশের সাহস দেখিয়েছে।

তিনি আরও বলেন, চাঁদপুরে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন। তাদের যথাযথ সুযোগ ও পরিচর্যা করা গেলে জাতীয় পর্যায়ে তারা চাঁদপুরের মুখ উজ্জ্বল করতে পারবে। শিল্পী কল্যাণ পরিষদের এ ধরনের উদ্যোগ আগামী দিনে আরও বিস্তৃত হবে এটাই প্রত্যাশা। আবৃত্তি, সংগীত, নাটকসহ সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে সমাজের বিত্তবান, সংস্কৃতিপ্রেমী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

সোহেল রুশদী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জয়-পরাজয়কে বড় করে না দেখে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। আজকের প্রতিযোগীরাই আগামী দিনের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী এবং চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কবির হোসেন চোকদার। শুভেচ্ছা বক্তব্য দেন উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মিলন, আশিক খান, অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি, মানিক দাস এবং সমন্বয়ক সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর হোসেন বাহার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক সফিউদ্দিন মিতুল এবং চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল।

অনুষ্ঠান উপস্থাপনা করেন উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক তানিয়া ইশতিয়াক খান।

প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন তাবিবুর রহমান রিংকু ও রাত্রী কর্মকার। আপ্যায়ন ব্যবস্থাপনায় ছিলেন ইমতিয়াজ উদ্দিন মাসুদ ও আসমা আক্তার।

আয়োজকরা জানান, চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহিত করা এবং আবৃত্তিচর্চাকে আরও বেগবান করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

প্রকাশিত :  ‍শনিবার, ২৯ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy