

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, ব্র্যাকের কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান, সলিডারিটির প্রতিনিধি হারুন অর রশীদ লাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হাসান আতিকুর রহমান। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও মানবসম্পদ গঠনে সাক্ষরতার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা হতে হবে জীবনমুখী, কর্মমুখী ও মানবিক মূল্যবোধসম্পন্ন। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; বরং অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করাই সমাজের দায়িত্ব।
আলোচনা সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, শিশু-কিশোরদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কর্মমুখী শিক্ষা বিস্তারেরও আহ্বান জানান তারা।
সভায় বক্তারা সাক্ষরতা আন্দোলনকে আরও বেগবান করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশিত : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬














