সান্তাহারে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদক পাচারের সময় তিন কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশী করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলা বাজার গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম (৫৬) এবং একই উপজেলার ঘাসুড়িয়া গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী রূপালী বেগম (৪০)।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, মঙ্গলবার বিকেলে আক্কেলপুরের তিলকপুর এলাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে মাদকের একটি চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম-ইসবপুর এলাকায় জনৈক আব্দুস ছালামের মুদির দোকানের পাশে অবস্থান নেয়।

পরে বিভিন্ন যানবাহনে তল্লাশী শুরু করা হয়। এ সময় নম্বর বিহীন একটি সিএনজি থামিয়ে তল্লাশী করা হলে যাত্রীবেশে থাকা পারুল বেগম ও রূপালী বেগমের কোমরে বিশেষ কায়দায় বাঁধা পলিথিনে মোড়ানো তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে গাঁজাসহ তাদের দুই জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই নারীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy