পলাশডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশারি বিতরণ

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যােগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতিতে উৎসাহিত করার লক্ষ্যে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট, মশারি, খাবার স্যালাইন ও প্যারাসিটামল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পিরোজপুরের নাজিরপুর উপজেলার ভাইজোড়া এলাকার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও মশারি বিতরণ করা হয়। শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাবার স্যালাইন ও প্যারাসিটামল প্রদান করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতিতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে সর্বোচ্চ উপস্থিতির অধিকারী শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এম এম নুরুল হক ফাউন্ডেশনের সভাপতি মনজুরুল হক শোয়েব ও সহ-সভাপতি জেসমিন মুন্নী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর রহমান, সহকারী শিক্ষক তসলিমা আক্তারসহ শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীরা, ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের সভাপতি মনজুরুল হক শোয়েব ও সহ-সভাপতি জেসমিন মুন্নী জানান, জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় এখন পর্যন্ত কোনো বিদেশি সংস্থা বা বাইরের আর্থিক সহযোগিতা নেওয়া হয়নি। তাঁরা নিজেদের উপার্জনের একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করছেন।

ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, মানুষের পাশে দাঁড়াতে পারার সুযোগ তাঁদের আনন্দ ও আত্মতৃপ্তি দেয়। সমাজের সামর্থ্যবান ও উচ্চবিত্ত মানুষের প্রতি মানবকল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই গড়ে উঠতে পারে আরও মানবিক ও সুন্দর সমাজ।

প্রকাশিত :  ‍শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

You might like