সীমান্ত এলাকার কুখ্যাত দুই মাদক কারবারি ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী পাগলারহাট চর এলাকা থেকে দুই কুখ্যাত মাদক কারবারিকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন–এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তাররা হলেন, পাগলারহাট এলাকার ওমর আলী (৪৩), পিতা: মৃত রহিম উদ্দিন এবং মানিক মিয়া (৩৬), পিতা: বাবুর আলী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

প্রকাশিত :  ‍শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

You might like