

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে সাংবাদিক ফিরোজ হোসেন ও তাঁর বাবা ফরহাদ আলীকে মারধর করে মাথায় রক্তা*ক্ত জখম করার মামলায় আব্দুর রহমান (৬৫) নামের এক প্রতিবেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুর রহমান উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ার লীল চাঁনের ছেলে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে মঙ্গলবার রাত ১০ টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ায় বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়ার কাজ করছিল মানবজমিনের উপজেলা প্রতিনিধি ফিরোজ হোসেনের বাবা ফরহাদ আলী।
এ সময় প্রতিবেশি আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তার বাবা গালিগালাজ করতে নিষেধ করলে তিন নারী তার বাবার ওপর হামলা করে এলোপাতাড়ি মারধর করেন।
এতে তার বাবার মাথায় রক্তাক্ত জখম হয়। বাবার চিৎকার শুনে ছেলে ফিরোজ হোসেন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এরপর মঙ্গলবার বেলা ১২ টার দিকে আহত ফিরোজ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, সাংবাদিক ফিরোজের দায়ের করা মামলায় আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














