যশোরে ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বৃদ্ধকে মারধর, আটুলিয়া গ্রামে ত্রাস

মালিকুজ্জামান কাকা :

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রাম আজ চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের কাছে জিম্মি। একের পর এক চাঁদাবাজি, জমি দখল ও লুটপাটের ঘটনা ঘটেই চলেছে। অভিযোগ রয়েছে, একই ব্যক্তির কাছ থেকে বারবার চাঁদা আদায় করা হচ্ছে। না দিলে দিনে-দুপুরে প্রকাশ্যে গরু-ছাগল ও ক্ষেতের ফসল লুট করে নিচ্ছে একটি চক্র। এই চক্রের সর্বশেষ শিকার জয়নাল হোসেন। এর আগে মোমিনুর, পুনু, মিন্টু, খায়েরসহ অনেকেই চাঁদা দিতে বাধ্য হয়েছেন। কেউ কেউ ১০ বারেরও বেশি চাঁদা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী জয়নাল (৫৫) ওই গ্রামের মৃত হেদায়েতুল্লাহর ছেলে। দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

জয়নালের ভাষ্য, গত ২৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে একই গ্রামের আব্দুলের ছেলে লতা (৪০) তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি দিতে অস্বীকার করেন। এর জেরে বুধবার রাতে লতা, মৃত রবিউলের ছেলে মনিরুল (৩৫), বিল্লালের ছেলে মানিকসহ কয়েকজন তার বাড়িতে এসে কিল-ঘুষি ও লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

গ্রামবাসীর অভিযোগ, অভিযুক্তরা চিহ্নিত মাদক কারবারি ও চাঁদাবাজ। এতটাই বেপরোয়া যে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করে। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। রাজনৈতিক ছত্রছায়ায় তারা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। চাঁদাবাজির ভয়ে কৃষক ও ফার্নিচার ব্যবসায়ী মোমিনুর, মিন্টু, খায়েরসহ অনেকেই গ্রাম ছাড়া।

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy