বিষ্ণুপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন বকাউল জনগণের জন্য কাজ করতে চান

সজীব খান :

“সততা আমার ভিত্তি, জনতা আমার শক্তি—বইছে পরিবর্তনের হাওয়া, সিদ্ধান্ত আপনাদের”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্তার হোসেন বকাউল ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন বকাউল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন বলে জানান। তিনি বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি।

তিনি জানান, সততা, ন্যায়নীতি ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে ১নং বিষ্ণুপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে রাস্তা-ঘাটের উন্নয়ন ও সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেবেন।

আক্তার হোসেন বকাউল আরও বলেন, দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে চান। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে ইউনিয়নবাসীর সেবা করাই তাঁর প্রধান লক্ষ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রতি নেতাকর্মীদের ভূমিকা, সাংগঠনিক কর্মকাণ্ড, জনগণের সঙ্গে সম্পৃক্ততা ও সার্বিক অবদানসহ বিভিন্ন বিষয় বিবেচনায় দলীয়ভাবে মূল্যায়ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। দল তাঁকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে তিনি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান।

আক্তার হোসেন বকাউল বলেন, “পরিবর্তনের সিদ্ধান্ত জনগণের। ১নং বিষ্ণুপুর ইউনিয়নবাসীর কাছে আমার প্রত্যাশা আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন। সুযোগ পেলে ইনশাআল্লাহ জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব এবং ইউনিয়নের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করে যাব।”

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

You might like