চাঁদপুর রামপুরে মাদকের ভয়াল থাবা, বাড়ছে চুরি ও অপকর্ম

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। মাদক সেবন ও বিক্রির পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। মাদকের প্রভাবে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বড়সুন্দর এলাকায় কয়েকজনের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উক্ত ইউনিয়নের রাসেল, আলমগির, বাবুল, সুমন,খোরশেদ, ফয়সাল,রাব্বি, হাসান ও কবিরসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদক সেবন, বিক্রি এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, মাদকের বিস্তার ও কিশোর গ্যাংয়ের তৎপরতার কারণে রামপুর ইউনিয়নে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এদিকে, চাঁদপুর মডেল থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রামপুর এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বলে জানা গেছে। ইতোমধ্যে মাদকসংক্রান্ত ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. তালিম হোসেন পাঠান বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় রামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল মাদকের বিরুদ্ধে কাজ করছে। মাদক নির্মূলে প্রতিদিনই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গতকালও দুজনকে মাদকসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রামপুর থেকে মাদক নির্মূলে তাঁরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এ কাজে পুলিশ প্রশাসন, এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

স্থানীয়দের দাবি, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।

প্রকাশিত :  ‍শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

You might like