গাইবান্ধায় রেড ক্রিসেন্টের ফার্স্ট এইড প্রশিক্ষণের সনদ বিতরণ ও বৃক্ষরোপণ

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা :

গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ফার্স্ট এইড প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি টিটুল, ভাইস চেয়ারম্যান ডা. মঞ্জু, ইউনিটের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, ইউনিট কর্মকর্তা শাওন, যুব প্রধান মিথান, উপ-যুব প্রধান শুভ ও সাহেদসহ যুব ইউনিটের স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মডেল স্কুলের প্রধান শিক্ষক। পরে ফার্স্ট এইড প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

সনদ বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা তৈরি হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

রেড ক্রিসেন্টের এমন উদ্যোগ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের মধ্যে মানবিক মূল্যবোধ, জরুরি সেবার দক্ষতা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

প্রকাশিত :  ‍বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

You might like