

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের উত্তর ওবদাবাঁদ ও পশ্চিম ওবদাবাঁদের কয়েকটি সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে মাটির স্তর, আবার কোথাও জমে আছে পানিও কাদা। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রয়োজনিও সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় সড়কগুলোর অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।
সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে তলিয়ে যায়। ফলে কোন-টি গর্ত আর কোন-টি সমতল রাস্তা—তা বোঝা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
সরেজমিনে দেখা যায়, উত্তর ওবদাবাঁদ ও পশ্চিম ওবদাবাঁদের সড়কের বিভিন্ন অংশে ভাঙাচোরা অবস্থা। কোথাও রাস্তার পিচ উঠে গেছে, আবার কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।পথচারীদের অনেকটা ঝুঁকি নিয়ে এসব সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
শুধু পথচারী নয়, ছোট যানবাহনের চালকরাও পড়েছেন বিপাকে। গর্ত এড়িয়ে চলতে গিয়ে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হচ্ছে। একই সঙ্গে সড়কের খারাপ অবস্থার কারণে যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাড়ছে মেরামত ব্যয়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এসব সড়ক তাদের প্রতিদিনের চলাচলের গুরুত্বপূর্ণ পথ। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এসব রাস্তা ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন স্বাভাবিক চলাচলও কঠিন হয়ে পড়েছে।
এলাকার মানুষের দাবি, দ্রুত সড়কগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করা হোক।
বিশেষ করে বর্ষা মৌসুমে যাতে সড়কে পানি জমে না থাকে, সেদিকেও নজর দেওয়ার দাবি জানিয়েছেন তারা।স্থানীয়দের ভাষ্য, গুরুত্বপূর্ণ এসব সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে চললেও স্থায়ী সমাধানের উদ্যোগ দৃশ্যমান নয়। দ্রুত সংস্কার করা না হলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














