শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিল, আটক ২

মোঃ কামরুজ্জামান সেন্টু :

চাঁদপুরের শাহরাস্তিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৭৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে ।মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শাহরাস্তি মডেল থানায় মামলাটি রুজু করা হয়। এতে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে উপজেলার চিতোষী-মুদাফ্ফরগঞ্জ সড়কে সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়।

দুপুরে সাজ্জাদ হোসেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ মিছিলের সত্যতা নিশ্চিত করার পর জড়িত ব্যক্তিদের আটকের জন্য অভিযান শুরু করে।

সন্ধ্যায় উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহেল রানা ও সাকিলকে আটক করে পুলিশ। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ নিয়োজিত থাকার সুযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল বের করে।

বিষয়টি জানার পর পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like