চাঁদপুরে এনটিভির ‘পিএইচপি কুরআনের আলো’র জেলা অডিশন অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি
দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত ইসলামিক রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’র চাঁদপুর জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় এ জেলা পর্যায়ের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

অডিশনে চাঁদপুর জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৪ জন প্রতিযোগীকে পরবর্তী চূড়ান্ত বাছাইপর্বের জন্য নির্বাচিত করে ইয়েসকার্ড প্রদান করা হয়।

পিএইচপি কুরআনের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি কারী এইচ এম মাইনুদ্দিন খানের পরিচালনায় অডিশনে প্রধান অতিথি ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা দারুল উলূম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মো. শুয়াইবুর রহমান ফয়সাল। এ সময় বক্তব্য রাখেন পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাজাকাত হারুন মানিক।

আয়োজকরা জানান, পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াত ও মেধাবী ক্বারিদের প্রতিভা তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চারজনকে যথাক্রমে ৪ লাখ, ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া জাতীয় পর্যায়ের বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য সর্বমোট ২৫ লাখ টাকার পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy