

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) নির্বাচনে চাঁদপুর সাব-সেন্টারের নবনির্বাচিত চেয়ারম্যান এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামান। এ সময় তিনি সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত আইইবি নির্বাচনে চাঁদপুর সাব-সেন্টারের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১২ নভেম্বর সারাদেশের ১৮টি কেন্দ্রে ও ৩৫টি উপকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইইবির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুজ্জামানকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
এ সময় তিনি বলেন, প্রকৌশলীরা দেশের অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চাঁদপুরের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা, সততা ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব প্রকৌশলীদের ঐক্য, পেশাগত মর্যাদা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন আইইবি চাঁদপুর সাব-সেন্টারের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটোয়ারী, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, গণপূর্ত বিভাগ, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হাসান, এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মু. ইসতিয়াক হাসান এবং সওজ সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শাহিনুর রহমান।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুজ্জামান সংসদ সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত প্রকৌশলীরা পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য এবং চাঁদপুরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রি.














