

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্মার্ট ফ্যামিলি কার্ড থাকা সত্ত্বেও টিসিবির ন্যায্যমূল্যের পণ্য না পাওয়ার অভিযোগ উঠেছে। সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ। এ ঘটনায় স্থানীয় কার্ডধারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী তাঁদের হাতে স্মার্ট ফ্যামিলি কার্ড রয়েছে। কিন্তু টিসিবির পণ্য বিতরণের নির্ধারিত দিনে ডিলারের কাছে পণ্য নিতে গেলে নানা অজুহাতে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বারবার ডিলারের কাছে গিয়েও পণ্য না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে তাঁদের।
নওগাঁ ইউনিয়নের ভুক্তভোগী বাসিন্দা শাহজাহান আলী ও রুপজান নেছা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের বৈধ স্মার্ট ফ্যমিলি কার্ড রয়েছে। কিন্তু পণ্য আনতে ডিলারের কাছে গেলে আমাদের মালামাল দেওয়া হচ্ছে না তাহলে কার্ড দিয়ে কি লাভ স্থানীয়দের ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে টিসিবির স্বল্পমূল্যের পণ্য নিম্নআয়ের পরিবারগুলোর সংসার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু কার্ড থাকার পরও পণ্য না পাওয়ায় তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় বাড়তি চাপ তৈরি হচ্ছে।ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, কেন তাঁদের পণ্য দেওয়া হচ্ছে না, তা খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে প্রকৃত কার্ডধারীদের তালিকা যাচাই করে কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য ছাড়াই টিসিবির পণ্য বিতরণ নিশ্চিত করতে হবে।
এ অবস্থায় দ্রুত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের প্রাপ্য পণ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ খ্রি.














