

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীর শরীরে মোবিল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ঐ নারীর ভাইদের সঙ্গে অভিযুক্তদের তুমুল গণ্ডগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে আল আমীন (৪৬) তার স্ত্রী শারমিন খাতুনকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় আল আমীনের বড় ভাই গোলজার হোসেন (৫৮), গোলজারের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৪৫), তাদের ছেলে আঙ্গুর মিয়া (৩০), আঙ্গুরের স্ত্রী পপি পারভীন, আল আমীন-শারমিন দম্পতির ছেলে রাজু মিয়া (২১) ও আশিক ওরফে রানু (১৯) জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে এই পরিকল্পিত ঘটনা ঘটানো হয়। এসময় বাড়ি সংলগ্ন পথ দিয়ে চলাচলকারী পথচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে রাতে শারমিনের চার ভাই জামাত আলী ও রাশেদুল ইসলামসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে আল আমীন ও তার সহযোগীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ও তাদের বোন শারমিন খাতুনকে নিরাপদ স্থানে নিয়ে যান।
স্থানীয়রা জানান, আল আমীনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে নবম শ্রেণির এক ছাত্রীকে পরিকল্পিত অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে আসছে। এছাড়া ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও সাইবার অপরাধের মাধ্যমে ব্ল্যাকমেইল করে প্রতিপক্ষ আবু বক্কর সিদ্দিক ও আশরাফুল ইসলামসহ তাদের পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করছে। এরই জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য শারমিনের শরীরে মোবিল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, আল আমীন পক্ষ এর আগেও আবু বক্কর সিদ্দিক ও তার ছোট ভাই আশরাফুল ইসলামের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় গত ৯ জুলাই আশরাফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত চলাকালে জামিনপ্রাপ্ত আসামিরা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে পুনরায় হামলা চালায়। এ সময় তদন্তকারী কর্মকর্তা তদন্ত অসমাপ্ত রেখেই ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা আসামিদের পক্ষ নিয়ে আদালতে একটি প্রভাবিত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
অভিযোগ রয়েছে, আল আমীন জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছাপড়হাটী ইউনিয়নের ওয়ার্ড কমিটিতে এবং তার ভাতিজা আঙ্গুর আরেকটি শ্রমিক সংগঠনে সম্পৃক্ত হয়ে এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। তাদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, অপহৃতের ঘটনা সাজিয়ে চাঁদাবাজি, মারামারি, লুটপাট এবং মব সৃষ্টি করে অপ্রীতিকর পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে।
এছাড়া, বিভিন্ন ফেক ফেসবুক আইডির মাধ্যমে আবু বক্কর সিদ্দিক ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে। এসব পোস্টের প্রিন্ট কপি বিভিন্ন জনবহুল স্থানে টানিয়ে ব্ল্যাকমেইল করা এবং পরবর্তীতে উল্টো আবু বক্কর সিদ্দিককে আসামি করে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়।
আল-আমীন চক্রের এ ধরনের সব অপরাধমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ খ্রি.














