দুর্গাপুরে বিজিবির ‎অভিযানে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ

আনিসুল হক সুমন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (২৪ নভেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাদামবাড়ী এলাকায় অভিযান চালায় নলুয়াপাড়া বিওপির সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎‎নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।

প্রকাশিত:  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy