

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি লিজকৃত পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে প্রায় তিন থেকে চার লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পুকুরের ইজারাদার ও মাছচাষি মিজানুর রহমান। ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করায় এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর মথুরাপুর ধাপ গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সরকারিভাবে লিজ নেওয়া পুকুরটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন মিজানুর রহমান।
রোববার দুপুরে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, পুকুরের পানিতে অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় পুকুরে বিষ প্রয়োগ করেছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রায় তিন থেকে চার লাখ টাকার মাছ নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি মিজানুর রহমান।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, পুকুরে প্রায় চার লাখ টাকার মাছ ছিল। ব্যংক থেকে টাকা নিয়ে পুকুরে মাছ চাষ শুরু করেছিলাম, হঠাৎ করে এভাবে সব মাছ মরে যাওয়ায় আমি নিঃশ্ব হয়ে পড়েছি এতবড় ক্ষতি হবে তা আমি কখনো ভাবিনি।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, ঘটনা ঘটেছে শুনেছি তবে এখন ও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এদিকে, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং ক্ষতিগ্রস্ত মাছচাষিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশিত: রোববার, ২২ নভেম্বর ২০২৬ খ্রি.














