

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যান ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
ওই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার রাঢ়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগড়া গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। সে ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিলো।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে সাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাঢ়া কাজী বাড়ির সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ফয়সালের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। কুমিল্লায় নেয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ‘ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ খ্রি.














