দুর্গাপুরে চা চাষের অপার সম্ভাবনা, বদলে যেতে পারে অর্থনীতির চিত্র

আনিসুল হক সুমন, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি :

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা নেত্রকোনার সীমান্তবর্তী গারো পাহাড়। একদিকে সবুজে আচ্ছাদিত পাহাড়-টিলা, অন্যদিকে পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদী ও ঝিরি। এই পাহাড়ি জনপদের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এবার নতুন করে সম্ভাবনার হাতছানি দিচ্ছে চা চাষ। সঠিক পরিকল্পনা, সরকারি পৃষ্ঠপোষকতা, বিনিয়োগ ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দার বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল হয়ে উঠতে পারে দেশের নতুন চা উৎপাদন অঞ্চল। এতে বদলে যেতে পারে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন-জীবিকা ও আর্থসামাজিক উন্নয়নের চিত্র।

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ভরতপুর থেকে বিপিনগন্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত গারো পাহাড়ের বিভিন্ন টিলা ও পাহাড়ি জমিতে চা চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোপালপুর, বারমারি, দাহাপাড়া, ভবানীপুর ও বিজয়পুরসহ সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলো চা চাষের জন্য সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের একটি বিশেষজ্ঞ দল একসময় নেত্রকোনার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের মাটির গুণাগুণ পরীক্ষা-নিরীক্ষা করে। তাদের পর্যবেক্ষণে পাহাড়ি এলাকার বেশ কিছু টিলা ও জমি চা চাষের উপযোগী হিসেবে চিহ্নিত হয়। তবে প্রয়োজনীয় জমি, অর্থায়ন, উদ্যোক্তার অভাব এবং পর্যাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় সেই সম্ভাবনা দীর্ঘদিন বাস্তবায়নের মুখ দেখেনি।

তবে দীর্ঘ বিরতির পর নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় পাহাড়ি জনপদের মানুষ। সম্প্রতি স্থানীয় উদ্যোগে আবারও চা চাষের কার্যক্রম শুরু করতে চাচ্ছে স্থানীয়রা। ইতোমধ্যে গোপালপুর, বারমারি, দাহাপাড়া ও ভবানীপুর এলাকায় প্রায় ১৭টি প্রদর্শনী চা বাগান গড়ে তোলার স্থান নির্ধারণ করা হয়েছিলো। ভবানীপুর এলাকার গৌরব কুবি জানান, স্থানীয় পর্যায়ে চা চাষের সম্ভাবনা কাজে লাগাতে কয়েকটি এলাকায় প্রদর্শনী স্থান নির্ধারণ করা হয়েছে । তার সরকারের কাছে আবেদন করেন সরকারি সুযোগ-সুবিধা দিয়ে স্থানীয় মানুষকে চা চাষে আগ্রহী করে তোলার পাশাপাশি এ অঞ্চলে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরিই সহ উদ্যোগ নেয়ার জন্য।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গারো পাহাড়ের পাদদেশে বসবাসকারী অনেক পরিবার দীর্ঘদিন ধরে ধান, ভুট্টা, সবজি, পাহাড়ি আলু ও বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদনের ওপর নির্ভরশীল। কিন্তু সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্য হাতির বিচরণ ও ফসলের ওপর আক্রমণের কারণে প্রায়ই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। এক রাতেই হাতির পাল নষ্ট করে দিতে পারে কয়েক মাসের পরিশ্রমে ফলানো ফসল। ফলে প্রান্তিক কৃষকদের আর্থিক ক্ষতি যেমন বাড়ছে, তেমনি অনেক পরিবারকে নতুন করে ঋণ ও অনিশ্চয়তার মুখেও পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে বিকল্প কৃষি হিসেবে চা চাষের প্রতি আগ্রহ বাড়ছে স্থানীয়দের।

স্থানীয়রা মনে করছেন, পাহাড়ি জমিতে চা বাগান গড়ে উঠলে একদিকে যেমন জমির কার্যকর ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে স্থায়ী আয়ের সুযোগ তৈরি হবে। স্থানীয়দের অভিজ্ঞতা ও প্রত্যাশা অনুযায়ী, চা গাছ বন্য হাতির কাছে অন্যান্য প্রচলিত ফসলের তুলনায় কম আকর্ষণীয় হতে পারে। তবে এ বিষয়ে কৃষি ও বন্য প্রাণী বিশেষজ্ঞদের মাধ্যমে বাস্তবভিত্তিক পর্যবেক্ষণ ও গবেষণা প্রয়োজন।

স্থানীয় আদিবাসী কৃষক জন ক্রসওয়েল খকশি ও দোলন হাজং বলেন, গারো হিলস টি কোম্পানির উদ্যোগে আমাদের সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন চা উৎপাদন এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে দেখেছি, চা চাষের মাধ্যমে অনেক এলাকার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। চা বাগানকে কেন্দ্র করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এলাকার উন্নয়ন হয়েছে এবং নতুন নতুন ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। অথচ আমাদের এলাকায় প্রচলিত যেসব ফসল আবাদ করি, সেগুলো প্রায়ই বন্য হাতির আক্রমণে নষ্ট হয়ে যায়। এতে আমাদের অনেক লোকসান গুনতে হয়। শুনেছি, চা গাছ হাতি সাধারণত খায় না। তাই আমরা অন্যান্য ফসলের পাশাপাশি চা চাষে আগ্রহী হচ্ছি। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহযোগিতা করলে আমরাও এ অঞ্চলে চা উৎপাদনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারব।

পরিবেশ ও উন্নয়নবিষয়ক সংগঠন বারসিকের আঞ্চলিক কর্মকর্তা মো. ওহিদুর রহমান বলেন, নেত্রকোনার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের মাটির গুণাগুণ, তাপমাত্রা, বৃষ্টিপাত এবং অন্যান্য পরিবেশগত বৈশিষ্ট্য চা চাষের জন্য যথেষ্ট সম্ভাবনাময়। বিশেষ করে যেসব পাহাড়ি এলাকায় রডোডেনড্রন (জযড়ফড়ফবহফৎড়হ) জাতীয় উদ্ভিদের উপস্থিতি রয়েছে, সেসব এলাকার মাটির বৈশিষ্ট্য চা চাষের উপযোগিতা যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশক হতে পারে। এ অঞ্চলের মাটি ও পরিবেশ নিয়ে যথাযথ গবেষণা এবং পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে উন্নতমানের চা উৎপাদনের ভালো সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট পর্যবেক্ষক মহলের মতে, গারো পাহাড়ে পরিকল্পিতভাবে চা বাগান গড়ে উঠলে এর সুফল কেবল কৃষি খাতেই সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো এলাকার অর্থনৈতিক ও সামাজিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। চা বাগানকে কেন্দ্র করে স্থানীয় নারী-পুরুষের কর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, চা প্রক্রিয়াজাতকরণ শিল্প, পরিবহন ও বিপণন ব্যবস্থার সম্প্রসারণ ঘটতে পারে। পাশাপাশি চা বাগান ঘিরে নতুন পর্যটন আকর্ষণও তৈরি হওয়ার সুযোগ রয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দুর্গাপুর ইতোমধ্যে পর্যটকদের কাছে পরিচিত একটি জনপদ। বিজয়পুরের সাদামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, রানীখং পাহাড়, গারো পাহাড় ও সীমান্তবর্তী বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে প্রতিদিনই পর্যটকদের আগমন ঘটে। এসব পর্যটন এলাকার পাশে পরিকল্পিত চা বাগান গড়ে উঠলে প্রকৃতিপ্রেমীদের জন্য নতুন আকর্ষণ তৈরি হবে। চা বাগানের সবুজের সমারোহ, পাহাড়ের নৈসর্গিক পরিবেশ এবং স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতির সমন্বয়ে এ অঞ্চল হয়ে উঠতে পারে সম্ভাবনাময় ইকো-ট্যুরিজম গন্তব্য।

তবে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। পাহাড়ি জমির প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ করে চা চাষের উপযোগী জমি চিহ্নিত করা, মাটির পরীক্ষাগারভিত্তিক বিশ্লেষণ, উন্নত জাতের চায়ের চারা সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, প্রযুক্তিগত সহায়তা এবং উৎপাদিত চা বাজারজাতকরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জমির অধিকার ও স্বার্থ সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলো সমন্বিতভাবে এগিয়ে এলে গারো পাহাড়ে চা চাষের সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে। এতে একদিকে যেমন সীমান্তবর্তী পাহাড়ি জনপদের মানুষের বিকল্প কর্মসংস্থান ও আয়ের পথ তৈরি হবে, অন্যদিকে নেত্রকোনা জেলার অর্থনীতিতেও যুক্ত হবে নতুন সম্ভাবনার দুয়ার।

প্রকৃতির অপার সৌন্দর্যে সমৃদ্ধ গারো পাহাড় শুধু পর্যটনের জন্যই নয়, পরিকল্পিত চা চাষের মাধ্যমেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। দীর্ঘদিনের অবহেলা ও অপূর্ণ সম্ভাবনা পেছনে ফেলে পাহাড়ের বুকে সবুজ চায়ের বাগান গড়ে উঠবেÑএমন স্বপ্ন এখন দেখছেন দুর্গাপুর ও কলমাকান্দার সীমান্তবর্তী এলাকার মানুষ। এ সম্ভাবনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সুদৃষ্টি ও কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রকাশিত:  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy