

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০৬ জুন ২০২২
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।

জাতীয় নিবন্ধন অনুবিভাগ এর পরিচালক (অপারেশন) ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার এর কাছে লিখিত এক অভিযোগে মনিরুল হক সাক্কু উল্লেখ করেন, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম শান্তিপূর্ণ ভবেই চলছে। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী ও বহিরাগতদের আনাগোনা ও চলাচল দিন দিন বেড়েই চলেছে।
অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় অবস্থান করে ও আচরণবিধি লংঘন করে মহানগর দলীয় কার্যালয় ও বিভিন্ন জায়গায় মহানগর ও আদর্শ সদর উপজেলার নেতাকর্মীদের একত্রিত করে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মসজিদ-মাদ্রাসার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অভিভাবগণকে আচরণবিধি লংঘন করে নির্বাচনের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
পাশাপাশি নির্বাচনী এলাকায় বহিরাগত নেতাকর্মীদেরকে বিশেষ করে পার্শ্ববর্তী সদর দক্ষিণ, লালমাই উপজেলার নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে আলোচনা করে বিভিন্ন ভোটকেন্দ্রে নিয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। যার ফলে স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোডাউনসহ সকল কার্যক্রম চালিয় যাচ্ছে।
ফলে নির্বাচনী আচরণবিধি লংঘন হচ্ছে ঠিক তেমনি সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের স্বার্থে ও ভোটারদের মনে আতঙ্ক দূর করতে এবং স্থানীয় সংসদ সদস্যের অবৈধভাবে নির্বাচনী এলাকায় অবস্থান ও নির্বাচনী কার্যক্রম বন্ধের দাবিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান মনিরুল হক সাক্কু।
এবিষয়ে মহানগর আওয়ামীলীগের দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করা শর্তে বলনে, স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমন কোনো কর্মকান্ড করেননি যা নর্বিাচনী পরিবেশ নষ্ট হবে। তিনি কুমিল্লাবাসীর কল্যাণেই সবসময় কাজ করেন। সুতরাং নিশ্চিত পরাজয় দেখে এসব অভিযোগ করে যাচ্ছেন সাক্কু।
এবিষয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, আমি অভিযোগটি মাত্র পেয়েছি। এখনই কিছু বলতে পারছি না। বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে।







