

নিজস্ব প্রতিবেদক :
গত (১৫ জুন ) বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি এর যৌথ উদ্যোগে ১৪ এবং ১৫ জুন ২০২২ খ্রিস্টাব্দ তারিখে দুই দিনব্যাপী GMP (Good Manufacturing Practices) এর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ আব্দুর রহিম খান (উদ্বোধনী অনুষ্ঠানে) এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ (সমাপনী অধিবেশনে)।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি এর সম্মানিত সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ডক্টর সীতেশ বাছার, ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সম্মানিত পরিচালক সালাউদ্দিন, পরিচালক জনাব আকিবুর রহমান, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড এর অন্যতম সদস্য, তিব্বিয়া হাবিবিয়া কলেজ এর সম্মানিত অধ্যক্ষ এবং বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান সাকী, ইউনানী ঔষধ বিশেষজ্ঞ অধ্যাপক শাহ ইলহাম উল্লাহ চিশতী, আয়ুর্বেদ ঔষধ বিশেষজ্ঞ ডাক্তার নুরুজ্জামান সরকার মিলন, বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক জনাব ফারুক হোসেন প্রমুখ।
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে বিভিন্ন ইউনানী ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের টেকনিকেল ব্যক্তিবর্গ উক্ত ট্রেনিং প্রোগ্রামে ট্রেইনি হিসেবে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বিয়া হাবিবিয়া কলেজ, চাঁদপুর ইউনানী তিব্বীয়া কলেজ ও বরিশাল ইউনানী মেডিক্যাল কলেজের প্রতিনিধিবৃন্দও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও শ্রীপুর ল্যাবরেটরীজ (ইউনানী) এর প্রিতিনিধি হিসেবে প্রশিক্ষন সম্পন্ন করে সার্টিফিকেট গ্রহন করেন হাকীম মোঃ সিদ্দিকুর র হমান প্রামানিক।
প্রশিক্ষক হিসেবে ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক জনাব সালাউদ্দিন, সহকারী পরিচালক জনাব মোঃ ফখরুল ইসলাম, জনাব মোঃ তানভীর আহমেদ, অধ্যাপক শাহ ইলহাম উল্লাহ চিশতী প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান সাকী জিএমপি গাইডলাইন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন কারণ তিনি উক্ত গাইড লাইন এর ওয়ার্কিং কমিটির কনভেনার এর দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ডক্টর সীতেশ বাছার ঐতিহ্যবাহী ইউনানী চিকিৎসা উন্নয়নের জন্য ইউনানী টেকনিক্যাল ব্যক্তিবর্গ এবং ফার্মাসিস্ট বা বোটানিস্টবৃন্দের পরস্পরের জ্ঞানের আদান-প্রদানের উপর গুরুত্ব প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ ইউনানী ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এর কর্ণধারদের বিশেষভাবে অনুরোধ করেন, যেন তারা ইউনানী ঔষধে অপ্রয়োজনীয় কেমিক্যাল পদার্থের মিশ্রণ ঘটিয়ে মানুষকে প্রতারিত না করেন। অর্থাৎ ইউনানী ও আয়ুর্বেদিক ঔষধ যেহেতু প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সুতরাং অযথা কেমিক্যাল মিশ্রণের মাধ্যমে এটির মৌলিকত্ব নষ্ট করে জনসাধারণকে প্রতারিত না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।তিনি আরো বলেন, বাণিজ্যিক ঔষধ প্রস্তুতের ক্ষেত্রে জিএমপি অনুসরণ এর উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।সনাতনী ঔষধ এর উপর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গুরুত্বের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন যে, জনস্বাস্থ্যের জন্য উপকারী এই ঐতিহ্যবাহী ঔষধের ব্যবহার আরো বৃদ্ধির জন্য সরকার বদ্ধপরিকর।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী ইউনানী ঔষধ শিল্পের সাথে সংশ্লিষ্ট মালিকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভালো ঔষধ তৈরি করার জন্য আরো অর্থ এবং ইউনানী ও আয়ুর্বেদিক জনবল বৃদ্ধি করতে হবে।
পাশাপাশি অসাধু শিল্প মালিকদের মানহীন ভেজাল ঔষধ প্রস্তুতের কঠোর সমালোচনা করেন এবং অনতিবিলম্বে এই সকল কর্মকাণ্ড হতে নিজেদেরকে ফিরে আসার উদাত্ত আহ্বান জানান।
অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পরিশেষে বলা যায়, যদি সত্যিকার অর্থে এই প্রশিক্ষণ কর্মশালায় যে সকল বিষয় অবগত করা হয় সেই সকল বিষয়গুলো যদি সত্যিকার অর্থেই গুরুত্বের সঙ্গে প্রয়োগ করা হয় তাহলে বাণিজ্যিক ইউনানী ঔষুধ প্রস্তুতের ক্ষেত্রে যথেষ্ট সফলতা বয়ে আসবে এই প্রত্যাশা করা যায়।
হুশিয়ার বাক্যের এবং আশ্বাসবাণীর সত্যিকার প্রয়োগ হবে- এটাই গণমানুষের প্রত্যাশা।







