

স্টাফ রির্পোটার :
চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নের কাশিম বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি নিরহ পরিবারের বাড়ি ঘরে হামলা চালিয়ে আগুন দেয়ার চেষ্টা চালিয়ে নারীদেরকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ জুলাই বুধবার সন্ধ্যায় ওই এলাকার মৃধা বাড়ির আব্দুর রহমান মৃধার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় ওই পরিবারের চারজন আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন। আহতরা হলেন, আব্দুর রহমানের স্ত্রী জান্নাত আক্তার (২১), আবু হোসেন মৃধার স্ত্রী কুলসুমা বেগম (৩৫) ও রাসেল মৃধার স্ত্রী তানজিলা বেগম (২৬)।
ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, ঈদের দুই-তিন দিন আগে আব্দুর রহমান মৃধা তার রান্নাঘরের কাজ করার জন্য পিকআপে করে বাড়িতে ইট বালু আনেন। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে কাঁচা রাস্তার একটি অংশে কাদা জমে থাকায় রাস্তার ক্ষতির অযুহাত দেখিয়ে একই এলাকার কালু বেপারির ছেলে হোসেন বেপারী তাদের কাছে চাঁদা দাবি করে, ওই স্থান দিয়ে পিকআপ ভ্যানে করে ইট বালু না নেওয়ার জন্য বারণ করেন। ওই সময় হোসেন বেপারী তার রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক একটি পিকআপ ভ্যানের বালি কাঁদা জমা স্থানে ফেলে দেন। এ নিয়ে তাদের মধ্যে অনেক বাকবিতন্ডা হয়।
তারা জানান, এই ঘটনা কে কেন্দ্র করে হোসেন বেপারী তার লোকজন নিয়ে আব্দুর রহমানকে নির্জনে ডেকে নিয়ে বেতারকভাবে মারধর করেন। তাদের মার ধরে আব্দুর রহমান আহত হয়ে বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। ঘটনার আগের দিন আব্দুর রহমান তাকে মারধরের কথা জিজ্ঞেস করলে সন্ধ্যার দিকে কালু বেপারী ও তার ছেলে হাসান ও হোসেন বেপারী বহিরাগত বখাটে লোকজন ভাড়া করে সন্ধ্যার দিকে আব্দুর রহমানের বাড়িতে গিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। তাদের ঘরের দরজা জানালা কুপিয়ে ভাঙচুর করে এবং কেরোসিন ঢেলে বাড়িতে আগুন লাগানোর চেষ্টা চালায়। এ সময় পরিবারের লোকজন হাউমাউ করে কেঁদে তাদের ঘর রক্ষা করতে গেলে তাদেরকে মেরে আহত করেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এলাকার অন্যান্য লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে রাস্তায় এসে অবস্থান নিয়ে ওই পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। তাদের ভয়ে ওই পরিবারের কোন লোকজন বাড়ি থেকে বের হতে এবং ঢুকতে পারেননি বলে জানিয়েছেন তারা।
বর্তমানে ওই পরিবারটি হামলাকারীদের ভয়ে দিনপার করছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবারটি।
এ বিষয়ে হোসেন বেপারীর সাথে কথা হলে তিনি বলেন, আব্দুর রহমান পিকআপে করে ইট বালু নেয়ার সময় রাস্তার সমস্যার জন্য মেম্বারের ভাইয়ের সাথে ঝগড়া হয়। আমি তাদের ঝগড়া মিট করতে গেলে তারা উল্টো আমার সাথে উত্তোজিত হন। ঘটনার আগের দিন সে আমাকে একা পেয়ে মেরেছে। তাই আমার সাথের কিছু ছেলে রেগে তাদের বাড়িতে গিয়ে একটু বিশৃঙ্খলা করেছে।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরু মৃধা জানান, রাস্তায় কাদা জমে থাকার কারনে আমার ছোট ভাই তাকে সেখান দিয়ে পিকআপ না ঢুকাতে ডাক দিয়েছিলো। এনিয়ে কথা কাটির এক পর্যায় আমার ছোট ভাই আব্দুর রহমানকে একটা থাপ্পর দেয়। হোসেন বেপারী তাদের ঝগড়া থামাতে গিয়েছিলো। কিন্তু আব্দুর রহমান কাল তাকে একা পেয়ে ওরে নাকি মেরেছে। তাই সন্ধ্যার দিকে তার সাথের কিছু ছেলে বাড়িতে গিয়ে সামন্য বিশৃঙ্খলা করেছে।







