
মারুফ ইবনে মান্নান, জামালপুর থেকে :
বিদ্যুৎ লাইনে সার্ভিস তারের সংযোগ স্থানে ভেজা বাঁশ দিয়ে নাড়িয়ে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এবিএম লিয়াকত হোসেন (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা।

শনিবার রাত ৯.১৫ মিনিটের সময় জামালপুর শহরের বানাকুড়া মোড়ে মুক্তিযোদ্ধার নিজ বাড়িতে ঘটে এই দুর্ঘটনা।
বীর মুক্তিযোদ্ধা এবিএম লিয়াকত হোসেন মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক হয়ে পূর্ণকালীন চাকরির মেয়াদ শেষ করে অবসর গ্রহণ করেন।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পর পাশের বাড়িতে বিদ্যুৎ এলেও মুক্তিযোদ্ধার বাড়িতে বিদ্যুৎ আসে না।
তিনি বাড়ির দুতলার ছাদ থেকে সার্ভিস তারের সংযোগস্থলে বাঁশ দিয়ে নাড়িয়ে দিতে যান। অকস্মাৎ ভেজা বাঁশ সাধারণ বিদ্যুৎ লাইনের উপরে থাকা ১১ হাজার ভোল্টের তার স্পর্শ করে। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন তিনি।
খবর পেয়ে দ্রুত জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।










