হাজীগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নিলেন ৭৫০ জন প্রতিযোগি

​হাজীগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা :
“সুস্থতার জন্য দৌড়”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘হাজীগঞ্জ মিনি ম্যারাথন-২০২৬ (সিজন-১)’ প্রতিযোগিতা। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই ব্যতিক্রমী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।

​প্রতিযোগিতায় নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের মোট ৭৫০ জন প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণে পুরো হাজীগঞ্জ উপজেলা চত্বর ও এর আশপাশের এলাকা এক উৎসবমুখর জনপদে পরিণত হয়।
​আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতাটি মূলত চারটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল—১৫ থেকে ৩০ বছর (এ গ্রুপ), ৩১ থেকে ৪০ বছর (বি গ্রুপ), ৪১ থেকে ৬০ বছর (সি গ্রুপ) এবং নারী বিভাগ (এফ গ্রুপ)। প্রতিযোগীদের জন্য নির্ধারিত দৌড়ের দূরত্ব ছিল ৬ কিলোমিটার। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে দৌড় শুরু হয়ে হাজীগঞ্জ বাজার বিশ্বরোড ও বদরপুর মোড় ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

​প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা, প্রথম রানারআপকে ৩ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপকে ২ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়া প্রতি গ্রুপের প্রথম তিনজন বিজয়ীকে ক্রেস্ট ও মেডেল এবং পরবর্তী ২০ জন প্রতিযোগীকে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।

​৭৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এ ম্যারাথন হাজীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণ প্রজন্মকে মাদক ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে স্বাস্থ্যসচেতন ও প্রগতিশীল করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সব বয়সী মানুষের মধ্যে শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের আগ্রহ আরও বাড়বে বলে আয়োজকদের প্রত্যাশা।

​সার্বিক এই আয়োজনের সফল সমাপ্তিতে অংশগ্রহণকারী দৌড়বিদ ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy