আট মাসের শিশুর মুখ বেঁধে হত্যা, মা আটক

নিউজ ডেস্ক :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাহমুদুল্লাহ হোসেন ফাহিম নামের আট মাস ১৪ দিন বয়সী এক শিশুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের মা মুক্তা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

নিহত মাহমুদুল্লাহ হোসেন ফাহিম শাহজাদপুর উপজেলার জামিরতা জোতপাড়া গ্রামের আবদুল্লাহ আল মামুনের ছেলে।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, মঙ্গলবার রাতে ফাহিমকে মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে।

এসআই শাহজাহান জানান, টেপ দিয়ে শিশুটির মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার সময় নিহতের বাবা তারাবির নামাজ পড়তে মসজিদে ছিলেন। পারিবারিক কলহের কারণে তার মা এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন।

নিহতের মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি ও টেপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

You might like