
ভোলা প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে মা ও দুই ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে উপজেলার চর মানিকা ইউনিয়নের কচ্ছোপিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দুই ছেলে জুনায়েদ (৭) এবং তানজীদ (৫)।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাতে পরিবারের দুই ছেলেকে নিয়ে গৃহবধু রিংকু বেগম ঘুমিয়েছিলেন। এ সময় হঠাৎ করে ঝড় শুরু হলে তাদের ঘরটি ভেঙে পড়ে। এতে ঘরের মাচায় থাকা কাঠ ও লাকড়ির নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায়ই মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় দক্ষিণ আইচা থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।











