দোহারে ফাঁসি দিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

মাকসুমুল মুকিম, দো্হার প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকার এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রবিউল ইসলাম (৩০) নবাবগঞ্জ উপজেলার টিকরপুর এলাকার এয়ার আলীর ছেলে এবং নিহতের দুইটি কন্যা সন্তান রাবেয়া (৮) লামিয়া (৫)রয়েছে। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে জানান নিহতের স্ত্রী। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মিডফোর্ট হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

নিহতের স্ত্রী নিলুফা আক্তার (২৫) জানান, আমরা দুই বছর ধরে উপজেলার লটাখোলা বিলের পাড় এলাকায় বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকি। স্বামী-স্ত্রীর মাঝে সংসারের অসচ্ছলতা নিয়ে কথা কটাকাটি হয় মাঝে মধ্যে। তবে ঘটনার দিন তেমন কিছু হয়নি। আমার স্বামী আর আমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরি।

সকাল আনুমানিক ছয়টা সাড়ে ৬ টার দিকে তার মুঠোফোন আমার বালিশের পাশে বেজে উঠলে আমার ঘুম ভেঙ্গে যায়। আমার স্বামী যমুনা বাসের হেলপার তাই সকালে সে আমাকে ঘুমে রেখেই কাজে চলে যায়। কিন্তু আজ তার মুঠোফোন বাসায় দেখে আমি অবাক হই। পরে শুয়া থেকে উঠে তাকে খোঁজ করলে বারান্দায় গিয়ে দেখি সে গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। তখন আমার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে।

দোহার থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জানান, নিহত রবিউল ইসলাম বসত ঘরের বারান্দার চালের কাঠের আড়ের সাথে বউয়ের ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে ছিল। লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যাবে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

১৮ অক্টোবর ২০২০ খ্রি. ০২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ৩০ সফর ১৪৪২ হিজরি, রোববার

You might like