
মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
ঢাকার দোহারে চালকদের মাঝে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে দোহার উপজেলার কুসুমহাটির বাস্তা গ্রামের নিজ বাড়িতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দোহার ও নবাবগঞ্জ উপজেলার দুই শতাধিক রিক্সা, সিএনজি, বাস ও ট্রাক চালক ও শ্রমিকদের হাতে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এসময় দুইশত পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি ডাল ও ১ কেজি লবন বিতরণ করেন তিনি। পরে দোহার-নবাবগঞ্জে ২৫টি স্বাস্থ্য সুরক্ষা বক্স স্থাপণের লক্ষ্যে কার্যক্রম শুরু করেন।
ত্রাণসামগ্রী বিতরণকালে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সব সময় জনগণের পাশে থাকে।ঈদ, বন্যা, ঘূর্নিঝড়ের সময় আমরা ত্রাণসামগ্রী বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় করোনা সংক্রমণ রোধে জনসমাগম না করে এককভাবে ও বাড়িবাড়ি গিয়ে মানবতার ভ্যানগাড়ির মাধ্যমে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য দোহার-নবাবগঞ্জের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তার পাশাপাশি সরকারি-বেসরকারিভাবে অনেকে এগিয়ে এসেছেন। প্রতিটি এলাকায় যদি ধনী ব্যক্তিরা মানুষের পাশে দাঁড়ায় তাহলে দেশের কেউ অসচ্ছল থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আজগর, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী, সহ-সভাপতি আবুল বাশার মুন্সি, পাঠাগার সম্পাদক অমল মজুমদার,দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার সহ ঢাকা জেলা দক্ষিণ ও দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।








