

মাকসুমুল মুকিম দোহার-নবাবগন্জ (ঢাকা) :
ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি।
এসময়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল, কোভিড-১৯ পরিস্থিতি, কোভিড-১৯ ভ্যাকসিন তথ্য, করোনা মোকাবেলায় গৃহীত বিশেষ ব্যবস্থাসমূহ, স্বাস্থ্য সেবা প্রদানের চ্যালেঞ্জ, জরুরি অপারেশন সেন্টারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় স্বাস্থ্য মহাপরিচালক খুরশীদ আলম প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে পর্যাপ্ত নরমাল ডেলিভারির ব্যবস্থা করার সকল চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করেন। এছাড়া হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কর্তৃপক্ষের কার্যক্রমের গতিশীলতারও প্রশংসা করেন।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিমউদ্দিন এসময় একটি স্লাইড শো প্রদর্শন করে দোহার উপজেলার সামগ্রিক স্বাস্থ্য সেবার মান তুলে ধরেন স্বাস্থ্য মহাপরিচালকের সামনে। ডাঃ জসিম, স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতালের অবকাঠামো নির্মাণ, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণ, আধুনিক অ্যাম্বুলেন্সে সেবা, হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং হাসপাতালের শূণ্য জনবল পূরণে মহাপরিচালকের সহয়তা চান।
এসময়, মহাপরিচালক একটি আধুনিক স্বাস্থ্যসেবা সম্পন্ন এম্বুলেন্স দেয়ার ঘোষণা দেন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. বেলাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস ও লাইন ডাইরেক্টর এবং এইআইএস এন্ড ই-হেলথ পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান, ঢাকার সিভিল সার্জন ডা. আাবু হোসেন মো. মঈনুল আহসান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদ, দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।










