নিজের স্ত্রীর সঙ্গে যুবককে বেঁধে নির্যাতন! স্বামী গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি :: ৯ এপ্রিল, ২০২২ ২১:৪৭
ভোলার লালমোহন উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে মোবাইলে বাড়িতে ডেকে এনে পরকীয়ার অপবাদ দিয়ে নিজ স্ত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

এই নির্যাতনের একটি ভিডিও কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ভিডিটি ভাইরাল হলে গত বৃহস্পতিবার নির্যাতনের শিকার মো. হেলাল উদ্দিন নামের ওই যুবক মামলা করেন। পুলিশ শুক্রবার অভিযুক্ত শাহজাহানকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড তেগাছিয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মো. হেলাল উদ্দিনকে ডেকে বাড়িতে আনেন একই এলাকার মো. শাহজাহান। হেলালকে ডেকে এনে শাহজাহান তার স্ত্রীর সঙ্গে পরকীয়ার অপবাদ দিয়ে দুজনকেই গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন।

এ সময় শাহজানের সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন স্থানীয় মনির আহমদ, ইউনুস ও হান্নান। নির্যাতনের এক পর্যায়ে স্থানীয়রা হেলাল উদ্দীনের মামাতো ভাই মো. রতন হাওলাদারকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে হেলাল এবং ওই নারীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) নির্যাতনের ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে এ ঘটনায় হেলাল উদ্দীন বাদী হয়ে লালমোহন থানায় শাহজাহানসহ ছয়জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মামলায় নারীর স্বামী মো. শাহজাহানকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

You might like