

নিউজ ডেস্ক : প্রকাশিত : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়া (২৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া ভূঁইয়া বাড়ির তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক ভাবে দেখা গেছে নিহত ফরিদের গলা ও মাথার পেছনের অংশে একাধিক কোপের জখম রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক মাস পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে অবস্থান করার পাশাপাশি বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জের ব্যবসা করতো ফরিদ।
ঘটনার দিন আশপাশের লোকজন দিনের বেলায় ফরিদকে দেখলেও এরপর ফরিদ উদ্দিনকে আর কেউ দেখেনি, তার খোঁজ না পেয়ে প্রতিবেশীরা তার বসতঘরে যান। ঘরের একটি রুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ প্রাথমিক তদন্ত করে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমরা মরদেহ দেখে প্রাথমিক তদন্ত শেষ করেছি। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। আশা করি সহসাই খুনের রহস্য উদঘাটন করা যাবে।







