
মাঝরাতে বংশী বাজে- পালা গায় কে
গঞ্জের হাটে
রাতভর পাহারা দ্যায় গণি মিয়া;
বেবাক ধান মহাজন
ভাগের নিয়মে প্যাঁচ মারে
দিনের বেলায় বুক চিতাইয়া চুরি
সেই চুরি ঠেকাইবো কে!
মহাজন আইজকাল কেন্দ্র ভাড়া লয়
পকেটে রাখে পুলিশের লোক
পুলিশরে দিয়াই কাম করে আচানক
কী যে আইলো দিনকাল –
মনে হইতাসে- নতুন কইরা কালাকানুন।

মহাজনের বিবির গতরে মাংসের ঢিবি
পুতেরা লাল পানি খাইয়া পাড়ার মেয়েমানুষ লইয়া পইড়া থাকে
মুরগি কুদ্দুইচ্চার আখরায়
মাইনসে কয়- মহাজনী খানদান –
বাজাইরা মাইয়া ছাড়া
বড়োই বেমানান!
বাংলার মানুষ ভাগ চাষীর
নিয়তি লইয়া ঘুরে;
পদ্মায় চর জাগে
চরের লাহান দখল হইতাসে সারা দ্যাশ।
মাঝরাইতে বংশী বাজে
পালা গানে কল্কির ধুয়া
গিরস্থ্য ঘুমাইয়া থাকে
সংক্ষেপে বউরে উতালা সোহাগ দিয়া।
মহাজন বেবাক ধান ভাগের নিয়মে
প্যাঁচ মারে;
উড়োজাহাজ ধান লইয়া উইড়া যায়
বিলাতি বাতাসে!








