কুমিল্লায় হিজড়া মাহিকে পুড়িয়ে হত্যা: সাতক্ষীরা সীমান্ত থেকে প্রধান আসামি ‘আপন’ গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের সদস্য এনামুল হক শিশির ওরফে মাহিকে (২৯) হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি জহিরুল ইসলাম ওরফে আপনকে (৪৬) গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৮ মে) রাত ১১টা ২০ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-২ এবং র‍্যাব-৬, সিপিসি-১ এর একটি যৌথ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার ভোমরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (১৯ মে) সকালে কুমিল্লার শাকতলায় অবস্থিত র‍্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম ওরফে আপন বুড়িচং বাজারের বাসিন্দা মৃত জাফর আলীর ছেলে। সে ‘জহির হিজড়া’ নামে পরিচিত।

সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের লোমহর্ষক বিবরণ দিয়ে র‍্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মিঠুন কুমার কুণ্ডু জানান- “ভিকটিম মাহি এবং গ্রেপ্তারকৃত আসামী আপনসহ জড়িত সকলেই তৃতীয় লিঙ্গের সদস্য। তারা দীর্ঘদিন যাবত একই সাথে বুড়িচং বাজার এলাকায় বসবাস করে আসছিল।

তিনি বলেন- প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, তারা সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং মাদকের টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে চরম বিরোধ চলছিল।”

হত্যাকাণ্ডের দিনের ঘটনার কথা উল্লেখ করে সিনিয়র এএসপি মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন- “উক্ত বিরোধের জেরে গত ১৩ মে সকাল অনুমান ১০টার দিকে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন তাদের থাকার ঘরে মাহিকে আটকে ফেলে আপন ও তার সহযোগীরা। সেখানে প্রথমে মাহির হাত-পা বাঁধা হয় এবং এরপর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার পরপরই আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়। গ্রেপ্তারকৃত আপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিকে পুড়িয়ে হত্যার কথা অকপটে স্বীকার করেছে।”

র‍্যাব জানায়, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রোববার (১৭ মে) বিকেলে মারা যান মাহি। এই ঘটনায় ১৭ মে নিহত মাহির বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর আগে পুলিশ এই ঘটনায় জড়িত অপর একজনকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারকৃত মূলহোতা আপনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রি.

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

You might like

About the Author: priyoshomoy