

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তি বিরোধে নুরুল ইসলাম (৮৫) নামে এক বৃদ্ধের গোরস্থানে লাশ দাফনে বাঁধা। পরে বাড়ির আঙ্গিনায় লাশ দাফন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) উপজেলার কুলশী মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই বাড়ির নুরুল ইসলাম মিয়াজী রোববার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতি নিলে একই বাড়ির মো. আলমের পরিবারের সদস্যরা বাঁধা দেয়।
ঘটনার খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শেষ পর্যন্ত কোন সমাধান না হওয়ায় মৃত নুরুল ইসলামের পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় তাকে দাফনের সিদ্ধান্ত নেয়।

নুরুল ইসলামের ভাগিনা খোকন পাটোয়ারী জানান, আমার মামার ৫ মেয়ে, কোন ছেলে নেই। দীর্ঘদিনের পারিবারিক গোরস্থানে পূর্বপুরুষদের সমাহিত করা হলেও বর্তমান ঘটনাটি বিব্রতকর বিধায় বাড়াবাড়ি না করে বাড়ির আঙিনায় দাফনের সীমান্ত নেয়া হয়েছে।
ভাতিজা মাহবুবুর আলম জানান, এটি আমাদের পারিবারিক গোরস্থান। মো. আলম কিছুদিন পূর্বে সম্পত্তির জন্য আদালতে মামলা করেছেন কিন্তু আদালত কোন নিষেধাজ্ঞা অথবা রায় দেননি।
প্রবাসী মো. আলম নিজের সম্পত্তি দাবি করে মুঠোফোনে জানান, ওই সম্পত্তি নিয়ে পাকিস্তান আমল থেকে বিরোধ চলছে। মৃত নুরুল ইসলাম জীবিত অবস্থায় আমাকে মারতে এসেছেন এমনকি আমার সম্পত্তির ধান নষ্ট করেছেন। এজন্য আমি বিষয়টি মানবিক বিবেচনায় নিতে পারিনি ।
প্রসঙ্গত, বাদ আছর জানাজা শেষে দাফনের কথা থাকলেও বাঁধার মুখে বাদ এশা বাড়ির আঙ্গিনায় নুরুল ইসলামের জানাজা ও দাফন করা হয়।
প্রকাশিত: রোববার, ২৫ অক্টোবর ২০২৬ খ্রি.














