

জিল্লুর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে
সিরাজগঞ্জের তাড়াশে হাঁস-মুরগি রক্ষায় শিয়াল মারতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আফরোজা খাতুন (২৭) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ৮ বছর বয়সী ছেলেসহ প্রতিবেশীর আরেক শিশু গুরুতর আহত হয়েছে। আহত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা খাতুন ওই গ্রামের মো. শামীম হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির হাঁস-মুরগি শিয়ালের আক্রমণ থেকে বাঁচাতে বৃহস্পতিবার রাতে খোয়ারের দরজায় জিআই তার পেঁচিয়ে তাতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন আফরোজা খাতুন।
শুক্রবার বেলা ১১টার দিকে তার ৮ বছর বয়সী ছেলে খোয়ারের দরজা খুলতে গেলে বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়ে। ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে বাঁচাতে দৌড়ে যান মা আফরোজা খাতুন। এসময় তিনিও বিদ্যুতায়িত হন। পরে তাদের উদ্ধার করতে এগিয়ে এলে প্রতিবেশী আরেক শিশুও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
একপর্যায়ে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত বাড়ির মূল বিদ্যুৎ সুইচ বন্ধ করে দেন। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই আফরোজা খাতুনের মৃত্যু হয়।
গুরুতর আহত দুই শিশুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ও আহতদের স্বজন এবং স্থানীয় কলেজ শিক্ষক মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং আহত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহআলম জানান, এ ধরনের দুর্ঘটনার খবর এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে থানায় কেউ জানায়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে।
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ খ্রি.














