

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২১ মে ২০২৬
ঈদযাত্রাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পর পর দুই দিন দুর্ঘটনা ও টোল প্লাজার ধীরগতির কারণে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভ্যাপসা গরমের মধ্যে মহাসড়কে আটকে থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে) দিবাগত রাতে দাউদকান্দির আমিরাবাদে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ এবং গজারিয়ায় অন্য একটি দুর্ঘটনার কারণে জিংলাতলী থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত ১০-১২ কিলোমিটার যানজট তৈরি হয়।
এই পরিস্থিতি কাটতে না কাটতেই আজ বৃহস্পতিবার (২১ মে) ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছে আরেকটি ট্রাক উল্টে গেলে দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে সেতু পর্যন্ত ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
ঈদের আগে ঘন ঘন এমন যানজটে ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। দাউদকান্দি ও গজারিয়া হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রি.
















