সিরাজগঞ্জ তাড়াশে শিক্ষকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

মো. জিল্লুর রহমান :

সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙা গার্লস স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ধারাবাহিক যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক,যোগাযোগমাধ্যমে অভিযোগ সংবলিত একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশাসন বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে।

‎তবে অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আলীম দাবি করেছেন, একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে ষড়যন্ত্র করছে।

‎অভিযুক্ত শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে ‘এলাকার সকল ছাত্র-ছাত্রী’র ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎এ সময় বক্তব্য দেন পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা হিন্দু ছাত্র মহাসংঘের সাবেক সভাপতি অনন্ত কুমার মাহাতো, শিক্ষার্থী সৃষ্টি রানী মাহাতো ও আম্বিয়া খাতুন, ভুক্তভোগী শিক্ষার্থীর কাকা অন্তর কুমার মাহাতো এবং তাড়াশ উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সুশীল কুমার মাহাতোসহ অনেকে।

‎বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আলীম, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম খোকনসহ চারজন শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। কেউ প্রতিবাদ করার চেষ্টা করলে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী প্রকাশ্যে অভিযোগ উত্থাপন করলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

‎অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২২ জুন তাড়াশ উপজেলা প্রশাসন, তাড়াশ থানা পুলিশ এবং সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের নারী তদন্ত টিমের সমন্বয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে কয়েকজন শিক্ষার্থী সরাসরি তাদের অভিযোগ তুলে ধরেন বলে জানা গেছে।এদিকে তদন্ত কমিটি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।

‎পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস বলেন, “আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছি। তদন্তের নামে যদি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বা অভিযুক্তদের দায়মুক্তি দেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।”তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy