২ মাসের নববধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রেমিক আটক

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে বিয়ের ২ মাসের মধ্যেই এক নববধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে।। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নববধূর দায়ের করা মামলায় সাবেক প্রেমিককে আটক করেছে থানা পুলিশ। রোববার (২৮ জুন) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই গ্রামের মৃত আজম খানের মেয়ের ২ মাস পূর্বে পারিবারিক ভাবে বিবাহ হয়। শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য হওয়ায় পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষায় জানা যায় মেয়েটি ৭ মাস ১৯ দিনের অন্তঃসত্ত্বা।

পরে মেয়েকে জিজ্ঞাসাবাদে সে পার্শ্ববর্তী উয়ারুক গ্রামের লুতু মিয়ার ছেলে নিহাদ ইসলামের সঙ্গে তার সম্পর্ক ছিলো বলে জানায়। ওই সম্পর্কের সুযোগে নিহাদ তাকে শারীরিকভাবে ব্যবহার করে আসছিলো। মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দিলে নিহাদ তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

কিছুদিন পূর্বে বিষয়টি এলাকায় জানাজানি হলে নিহাদ ও তার পরিবারের সদস্যরা মেয়ে এবং তার পরিবারের কাছ থেকে জোরপূর্বক একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয়। প্রভাবশালী নিহাদের পরিবারের ভয়ে তারা আইনি ব্যবস্থা নিতে পারেনি।

এ বিষয়ে মেয়েটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শনিবার (২৭ জুন ২০২৬) রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত প্রেমিক নিহাদকে আটক করে পুলিশ।

মামলার বাদী জানান, আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। এছাড়া হুমকি-ধমকি দেয়ার কারণে বিষয়টি কাউকে জানাতে পারিনি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত অন্যদেরও আটক করা হবে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

প্রকাশিত : রোববার, ২৮ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy