সুনামগঞ্জ ভাড়া নিয়ে নিত্য ঝামেলা, সমাধানে ইউএনওর দ্বারস্থ এলাকাবাসী

মোঃ শহীদুল ইসলাম, ধর্মপাশা, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ধর্মপাশা-মধ্যনগর সড়কে অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের দীর্ঘদিনের বিরোধ নিরসনে ভাড়া পুনর্নির্ধারণের দাবি উঠেছে। একই সঙ্গে চালকদের জন্য ড্রেস কোড ও পরিচয়পত্র বাধ্যতামূলক করা এবং অপ্রাপ্তবয়স্কদের অটোরিকশা চালানো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয়রা। এসব দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে।

রোববার জনস্বার্থে এলাকাবাসীর পক্ষে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন আবুল কাশেম। তিনি কনশাস কনজিউমার্স সোসাইটি (সিসিএস)-এর সদস্য এবং উপজেলার সেলবরষ ইউনিয়নের আহমদপুর গ্রামের বাসিন্দা।

আবেদনে বলা হয়েছে, জ্বালানি, যানবাহনের যন্ত্রাংশ, মেরামত ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান ভাড়ায় অনেক অটোরিকশাচালকের পক্ষে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় যাত্রীদের সঙ্গে প্রায়ই ভাড়া নিয়ে বাকবিতণ্ডা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক কিশোরদের অটোরিকশা চালানোর কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

আবেদনে পাঁচটি দাবি জানান আবুল কাশেম। দাবিগুলো হলো, বাস্তবতা বিবেচনায় অটোরিকশার ভাড়া পুনর্নির্ধারণ, প্রতিটি অটোরিকশায় দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টানানো, চালকদের জন্য নির্ধারিত ড্রেস কোড ও পরিচয়পত্র বাধ্যতামূলক করা, যাত্রীদের সঙ্গে শালীন আচরণ ও ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করা এবং অপ্রাপ্তবয়স্কদের অটোরিকশা চালানো বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

আবুল কাশেম বলেন, যাত্রী ও চালক উভয়ের স্বার্থ রক্ষায় বিষয়টি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। জনস্বার্থ ও মানবিক দিক বিবেচনায় উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, আবেদনটি পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত : সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy